নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় পাঁচ আসামির সাত দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। গ্রেপ্তার বাকি দুই আসামিকে আদালতে তোলা হবে।
চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ইতোমধ্যে কারাগারে পাঠানো পাঁচ আসামির সাত দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। রোববার নোয়াখালী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুবর্ণচরের আদালতে এ বিষয়ে শুনানি হবে।
এছাড়া গ্রেপ্তার অপর দুই আসামি আবু ও জসিমকে আদালতে তোলা হবে বলেও জানান ওসি।
ভিকটিম জানান, রোববার ধানের শীষে ভোট দেওয়ায় ভোটকেন্দ্রেই দলবল নিয়ে চরজব্বার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন তাকে রাতে দেখে নেবে বলে হুমকি দেয়। রাতে ঘুমিয়ে পড়ার পর ১০টার দিকে রুহুল আমিন পুলিশ এসেছে বলে তার স্বামীকে ডাক দেয়।
তিনি বলেন, দরজা খোলার পর আওয়ামী লীগকর্মী সোহেল, আবু, বেচু, হেঞ্জু, মোশাররফ, সালাউদ্দিন, চৌধুরী, সোহাগ, সোহেল ও আরও কয়েকজন ঘরে ঢুকে তার স্বামী, ছেলে ও মেয়েকে বেঁধে ফেলে। পরে একে একে সবাই তাকে ধর্ষণ করে।
ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় নয়জনের নাম উল্লেখ করে চরজব্বর থানায় গৃহবধূর স্বামী মামলা করেন।