ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অপবাদে গাছে বেঁধে উল্টো করে ঝুলিয়ে এক যুবককে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা শাহীনুর রহমান তুহিন ও কাজী বাবলু।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদী জানান, হরিণাকুণ্ডু উপজেলার শ্রীপুর গ্রামে টিভি চুরির অপবাদ দিয়ে রানাকে নির্যাতনের ঘটনায় তার পিতা ওমর আলী বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তুহিন ও বাবলুকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের শ্রীপুর গ্রামে ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী অফিস থেকে টিভি চুরির অপবাদে রানা নামের এক যুবককে গাছে উল্টো করে ঝুলিয়ে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতনের ভিডিওটি ছড়িয়ে পড়ে।