১০০ রানও পেল না মাশরাফীর রংপুর

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে স্বরূপ দেখাতে পারল না মাশরাফী বিন মোর্ত্তজার রংপুর রাইডার্স। চিটাগং ভাইকিংসের বোলারদের সামনে মোটেও মেলে ধরতে পারেনি দলটির ব্যাটসম্যানরা। তিন অংক স্পর্শ করার আগেই থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের রানের চাকা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হাঁরিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯৮।

চিটাগংয়ের দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিঙ্কের আগুনে বলে শুরুতেই খেই হারায় মাশরাফির দল। টপ-অর্ডর তিন ব্যাটসম্যানের সবাইকেই উইকেট ছাড়া করেন ফ্রাইলিঙ্ক। এর মধ্যে ওপেনার মেহেদি মারুফ রানের খাতা খুলতে পারলেও শূন্য রানেই উইকেট ছাড়া হন অ্যালেক্স হলস ও মোহাম্মদ মিথুন।

ফ্রাইলিঙ্কের সঙ্গে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন দেশের দুই বোলার পেসার আবু জায়েদ রাহী ও অফস্পিনার নাঈম হাসান। ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি রংপুর।

দলটির হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন ইংল্যান্ডের রবি বোপারা।  ইনিংসের শেষ ওভারে জায়েদের বলে লংঅনে মোসাদ্দেকে হোসেনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৪৭ বলে করেন ৪৪ রান। তার ইনিংসটিতে রয়েছে তিনটি চার ও দুটি ছক্কা।

দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস ৯ নম্বরে নামা সোহাগ গাজীর। ১৯ তম ওভারে ফ্রাইলিঙ্কের শিকার হওয়ার আগে ১৭ বলে তিন চারে ২১ রান করেন এই বোলিং অলরাউন্ডার।

বোপারা ও সোহাগ ছাড়া বাকিদের কেউই দুই অংক স্পর্শ করতে পারেননি।

চিটাগংয়ের বোলারদের মধ্যে ফ্রাইলিঙ্ক চার ওভারে ১৪ রানে নিয়েছেন চার উইকেট। ১০ রানে দুই উইকেট নিয়েছেন নাঈম; ৩০ রানে দুই উইকেট নিয়েছেন জায়েদ।