শপথ গ্রহণের বিষয়ে ইতিবাচক গণফোরাম

একাদশ সংসদে বিজয়ী দুই প্রার্থীর শপথ নেওয়া বিষয়ে গণফোরাম ইতিবাচক বলে জানিয়েছেন ড. কামাল হোসেন। শনিবার সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বলেন, আমরা ইতিবাচক মনোভাব পোষণ করছি।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা কামাল হোসেন বলেন, যে দুজন প্রার্থী নির্বাচনে জয়ী হয়েছেন, তারা তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা তাদের বিষয়ে ইতিবাচকভাবে সিদ্ধান্ত নেব।

তারা বিষয়টি ‘ইতিবাচক’ দৃষ্টিতে দেখছেন এবং ‘ইতিবাচক’ সিদ্ধান্ত নেবেন।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানায় জাতীয় ঐক্যফ্রন্ট। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের জয়ী পাঁচ প্রার্থী শপথ নেবেন না।

শনিবার দলীয় বৈঠকের পর গণফোরাম সভাপতি তোপখানা সড়কে শিশুকল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব বলেন। এ বিষয়ে গণফোরামের সঙ্গে বিএনপির ‘অনৈক্য’ সৃষ্টি হবে না বলে তিনি উল্লেখ করেন।

গণফোরাম থেকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসনে জয়ী হয়েছেন সাবেক আওয়ামী লীগ নেতা ও ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর।

সিলেট-২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী হিসেবে জয়ী গণফোরামের মুকাব্বির খান দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে ভোট করেন।

সংবাদ সম্মেলনে সুলতান মনসুর ছাড়াও উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক ও গণফোরামের কেন্দ্রীয় নেতারা।