পাবনায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

শ্রদ্ধা নিবেদনসহ নানা আয়োজনে পাবনায় স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুরে শহরের বৈকণ্ঠপুর অ্যাস্ট্রাস খামার বাড়িতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা।

সভার শুরুতে প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের কোষাধ্যক্ষ শ্যামুয়েল আশিষ বিশ্বাসের পরিচালনায় স্মরণ সভায় স্যামসন এইচ চৌধুরীর স্মৃতিচারণ করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের উপদেষ্টা ড. ডেনিস দিলীপ দত্ত। 

প্রার্থনা সংগীতের পর পবিত্র বাইবেল থেকে আলোচনা করেন বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের সাধারণ সম্পাদক লিয়র পি সরকার। পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণা করেন প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্ত্রী অনিতা চৌধুরী ও ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। বিশেষ প্রার্থনা পরিচালনা করেন পাবনা ব্যাপ্টিস্ট চার্চের যাজক ইসাহাক  সরকার। 

সভায় স্যামসন এইচ চৌধুরীর ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ পরিবারের সকলে উপস্থিত ছিলেন।

স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা, দেশের শিল্প প্রসারে স্যামসন এইচ চৌধুরীর অনবদ্য ভূমিকার পাশাপাশি দেশপ্রেম, শিল্প, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের কথা স্মরণ করেন।