সিলেট নগরীর আখালিয়া নেহারীপাড়া এলাকায় দশম শ্রেণীর এক ছাত্রকে (১৫) অস্ত্রের ভয় দেখিয়ে ধরে নিয়ে দল বেঁধে যৌন নির্যাতন চালিয়েছে কয়েকজন যুবক।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে বলে জানা যায়। ওই ছাত্র নগরীর একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নির্যাতিত স্কুলছাত্রের বাবা জানান, তার ছেলে সন্ধ্যার পর মার্কেট থেকে বাসায় ফিরছিল। পথে একদল যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী আবাসিক এলাকার ভেতরে নিয়ে যায়।
সেখানে একটি পরিত্যক্ত ঘরে প্রায় তিন ঘণ্টা তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। এরপর যুবকরা তাকে ছেড়ে দেয়। ছেলে বাসায় ফিরে ঘটনাটি মা-বাবাকে জানালে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুলছাত্রের বাবা আরো জানান, আখালিয়া নেহারীপাড়ার রহিম মিয়া (২৭) ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-উর-রশীদ জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।