বাড্ডায় বাঁশের আড়তে আগুন ১২ লাখ টাকা ক্ষতির দাবি

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরে বাঁশের আড়তে অগ্নিকাণ্ড ঘটেছে। গত শুক্রবার মধ্যরাতের এ দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি; তবে ১২ লাখ টাকা ক্ষতির দাবি করেছেন ব্যবসায়ীরা। বাঁশের আড়ত নামে পরিচিত হলেও সেখানে বাঁশ ছাড়াও ছিল কাঠ ও কাগজের একাধিক গুদাম।

বাড্ডা থানার এসআই আব্দুল মান্নান দেশ রূপান্তরকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে ব্রিজের পাশেই বাঁশপট্টিতে আগুন লাগে। এতে ১০-১২ লাখ টাকার বাঁশ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের পরিদর্শক আতাউর রহমান জানান, বাঁশের চাটাইয়ের আড়তে চুলা থেকে আগুনের সূত্রপাত।

মেরুল বাড্ডা বাঁশ আড়তের ব্যবসায়ী মো. বাবলু মিয়া অগ্নিকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, ‘এক সপ্তাহ আগে ১২ লাখ টাকার মাল (কাঠ) আনছিলাম, এখন আমি নিঃস্ব, সব কাঠ পুড়ে ছাই। কিছু কাঠ আছে যা এখন জ্বালানির জন্য ব্যবহার করা যাবে।’ তিনি ঘরের আসবাবপত্র তৈরি করে বিক্রি করতেন। আবার ব্যবসা শুরু করতে এখন সরকারের সহায়তা চান বাবলু মিয়া।

আরেক ব্যবসায়ী মো. মজিবর রহমান পাঁচ বছর ধরে বাঁশের ব্যবসা করেন। আগুনে তার দোকানের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ পাঁচ থেকে ছয় লাখ টাকা। মজিবরের মতো হাসেম আলীও আগুনের কারণে সর্বস্বান্ত।

গতকাল সকালে সরেজমিনে দেখা যায়, তখনো ধোঁয়া উড়ছে। অনেকে আগুনের হাত থেকে রক্ষা পাওয়া বাঁশ, কাঠগুলো সরিয়ে নিচ্ছেন এই ভরসায় যদি তা কোনো কাজে ব্যবহার করা যায়। অনেকে মালামাল সরানোর পাশাপাশি করছে ঘর মেরামত।