আটলান্টিকে যুদ্ধজাহাজ মোতায়েন করবে ইরান

আটলান্টিক মহাসাগরে ইরান তার সবচেয়ে নতুন এবং অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করবে। দেশটির বার্তা সংস্থা ফার্স গতকাল শনিবার জানায়, ইরানের এই নতুন যুদ্ধজাহাজ আটলান্টিকে প্রায় পাঁচ মাস ধরে অবস্থান করবে।

গত কয়েক বছর ধরেই ইরানের নৌবাহিনী আটলান্টিকে নৌবহর মোতায়েনের পরিকল্পনা করছিল। কিন্তু প্রস্তুতির অভাবে এতদিন তা করা যাচ্ছিল না। দেশটির নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি মোঘাদাম বলেন, আগামী মার্চ মাস নাগাদ এই মিশন শুরু করা হবে। ফ্লোটিলায় নতুন গাইডেড মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সংযোজন করা হয়েছে, যা গত মাসেই দেশটি তৈরি করেছে। শান্দ নামের এই ফ্লোটিলা এখন ৩৩ হাজার টন ফুয়েল বহনে সক্ষম। এছাড়া জাহাজটি হেলিকপ্টার বহনেও সক্ষম।

ফ্লোটিলাটি বন্ধুত্বপূর্ণ সফরে লাতিন আমেরিকার বিভিন্ন দেশের বন্দরে ভিড়তে পারে প্রয়োজনে। এক্ষেত্রে ভেনিজুয়েলা হতে পারে ইরানের পছন্দের জায়গা। গত এক দশক ধরে দেশটির নৌবাহিনীতে কর্মক্ষম যুদ্ধজাহাজ জামারানের আধুনিক সংস্করণ এটি।