জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পায়নি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাদশ সংসদ নির্বাচনে বিপুল আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যে বলেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না।  আপনারাও পার পাবেন না। আপনাদের পারজয় হবেই হবে।

মির্জা ফখরুল একাদশ সংসদ নির্বাচনকে ‘পাতানো’ উল্লেখ করে তা বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বলে দাবি জানান।

শনিবার রাতে ফেনীর দাগনভূইয়ায় উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেনের বাসভবনে নির্বাচনী হামলায় আহত ও নির্যাতিতদের সঙ্গে মতবিনিময়ে এসব বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের দেওয়া ট্যাক্সের টাকায় যাদের বেতন চলে, তারা আজ দেশের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। যারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে আছে; তারা একটি অন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য বেআইনী কাজ করে রাষ্ট্রদ্রোহীতার শামিল হয়েছে।

ভবিষ্যতে তাদের আইনের আওয়াতায় আনা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম। 

মতবিনিময় সভায় ঐক্যফ্রন্টের নেতা জাসদ (রব) সভাপতি আ.স.ম আবদুর রব, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালি, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার, দাগনভূইয়া উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন উপস্থিত ছিলেন।