নির্মাণাধীন বাসার সিঁড়ি থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

রাজধানীর গেন্ডারিয়ায় একটি নির্মাণাধীন বাসার সিঁড়ির ফাঁকা দিয়ে নিচে পড়ে আয়শা মনি নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া দ্বীন নাথ সেন রোডের সাধনা ঔষধালয় গলির লিটনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শরিয়তপুর জাজিরা উপজেলার ইদ্রিস আলীর ৪ সন্তানের মধ্যে ৩য় আয়শা। বর্তমানে গেন্ডারিয়ার দ্বীন নাথ সেন রোডের সাধনা ঔষধালয় গলি ৮২-সি/২ নম্বর টিনশেড বাসায় থাকত শিশুটির পরিবার। বাবা ইদ্রিস আলী ওয়ার্কশপ কর্মচারী।

ইদ্রিস আলী দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যায় আয়শা বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে পাশের একটি পাঁচতলা বাসার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে থাকে। ওই বাসায় এখনো নির্মাণকাজ চলছিল।

তিনি বলেন, সিঁড়ির রেলিং ছিল না। আয়শা ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় সিঁড়ির ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।