ভারতে অমুসলিম বাংলাদেশিদের নাগরিকত্ব সুবিধা বাড়ল

ভারতে বাংলাদেশসহ সংখ্যালঘু অমুসলিমদের আশ্রয় দিতে ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার বদলাতে চায় বলে জানিয়েছে আনন্দবাজার।

সংসদে তোলা এ সংক্রান্ত একটি বিলে প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমরা ১২ বছরের পরিবর্তে ৬ বছরের মধ্যেই নাগরিকত্ব পাবেন। বিলটি যত দ্রুত সম্ভব পাস করা হবে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে আসামে নাগরিকদের যে তালিকা (এনআরসি) তৈরির কাজ চলছে তাতে প্রায় ৪০ লাখ আসামবাসীর নাম বাদ পড়েছে। বিষয়টি নিয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালিদের উৎকণ্ঠার শেষ নেই।

১৯৭১ সালের নথি সংগ্রহ করতে না পেরে ১০ লক্ষাধিক মানুষ নতুন করে আবেদন করতে পারেননি। তবে তাদের মধ্যে যারা অমুসলিম তাদের এই বিলের মাধ্যমে আশ্বস্ত করলেন নরেন্দ্র মোদি।

আসামের কাছাড় জেলার শিলচরে গত শুক্রবার তিনি বলেন, ‘সমস্যার বিষয়ে আমি অবগত। কিন্তু আশ্বাস দিচ্ছি একজন ভারতীয় নাগরিকও বিপদে পড়বেন না।’

নাগরিকত্ব আইন (সংশোধনী) বিল প্রসঙ্গে মোদি বলেন, ‘এটা মানুষের জীবন এবং আবেগের সঙ্গে যুক্ত। বিশেষ কারও সুবিধার জন্য এটা করা হচ্ছে না। অতীতের বহু ভুল এবং অন্যায়ের প্রতিকার করার জন্য এটা করা হচ্ছে।’

মোদির ওই সভা ঘিরে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ করছিলেন শিলচরের মানুষ। সভায় না যাওয়ার আবেদন জানিয়ে একটি সংগঠন লিফলেটও বিলি করেছে। তবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাটি ছোঁয়ার আগেই রাস্তায় জনতার ঢল নামে। মোদি সেই সুযোগ কাজেও লাগান। বলেন, ‘বরাকের দু’টি আসনই আমাদের দিন। আমার ওপর ভরসা রাখুন।’