মূল মজুরি বৃদ্ধি ও ছাঁটাই করা শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার বিসিকে অবস্থিত রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা অবন্তী কালার টেক্স লিমিটেডের শ্রমিকেরা সমাবেশ করেছেন।
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে রাস্তার এক পাশে অবস্থান নিয়ে কারখানাটির শতাধিক শ্রমিক সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ মশিউর রহমান খান রিচার্ড, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শুভ দেব।
সমাবেশে শ্রমিকেরা অভিযোগ করেন, সরকারের গেজেট মোতাবেক তাদের মজুরি দেওয়া হচ্ছে না। মজুরি বৃদ্ধির জন্য বারবার মালিকপক্ষের কছে গিয়েও তারা ফল পাননি। উল্টো মালিকপক্ষ শ্রমিকদের শাসিয়ে তাদের ছাঁটাই করার হুমকি দেয়।
কারখানার শ্রমিক রাজু মিয়া বলেন, ‘আমাদের মূল মজুরি বাড়ানো হয়নি। ১ হাজার ২০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। তবে তা শুধু বাড়ি ভাড়া ও যাতায়াত ভাড়াসহ অন্যান্য খরচ। মূল মজুরি বৃদ্ধি না হওয়ায় আমাদের কারও ওভারটাইমের হার বাড়েনি। তাই আমরা মূল মজুরি বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমেছি।’
কারখানার শ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনে যাওয়ার কারণে আমাদের ১ হাজার ৪৩ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। ছাঁটাই করা শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি। গত ৩ জানুয়ারি বিসিকের শ্রমিকরা রাস্তায় নেমে এসেছিল। অন্যরা ভাঙচুর করেছে, কিন্তু আমাদের ছাঁটাই করা হয়েছে।’
এ ব্যাপারে ক্রোনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসলাম সানী বলেন, সরকারের ঘোষণা ও শ্রমিকের দক্ষতা অনুযায়ী বেতন বাড়ানো হয়েছে। এখন তারা যা দাবি করছে সেটা সম্পূর্ণ অযৌক্তিক। কয়েকজন শ্রমিকনেতা তাদের উসকানি দিয়ে সুবিধা নিতে শ্রমিকদের নিয়ে আন্দোলন করছে।