কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে মঈনুদ্দিন বিশ্বাস (৫৭) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ কর্মী সমর্থক দেশীয় অস্ত্র লাঠিসোঁটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়।
এ সময় ইউপি চেয়ারম্যান স্বপনের সমর্থক মঈনুদ্দিন ও তার লোকজন প্রতিরোধ করতে গেলে মঈনুদ্দিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন সেখ জানান, এলাকায় দীর্ঘদিন ধরেই ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরেই এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ঘটনাস্থল পরিদর্শনরত পুলিশ সুপার এস এম তানভির আরাফাত জানান, পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মঈমুদ্দিন বিশ্বাস আব্দালপুর গ্রামের মৃত জাদ আলী বিশ্বাসের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা জুয়েল রানা হালিমের বাবা এবং ইউপি চেয়ারম্যান আলী হায়দারের চাচাতো ভাই।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হায়দার গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে নির্বাচিত হন।