স্ত্রীকে না জানিয়ে ডিভোর্স দেওয়া যাবে না বলে নতুন একটি আইন এনেছে সৌদি আরব। দেশটিতে স্ত্রীকে না জানিয়েই গোপনে তালাক দেওয়ার প্রবণতা রুখতে এমনটা সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আলজাজিরা জানায়, স্ত্রীদের না জানিয়েই তাদেরকে তালাক দেওয়ার প্রবণতা সৌদি পুরুষদের মধ্যে প্রবল। যাকে ‘সিক্রেট ডিভোর্স’ নামেও আখ্যায়িত করা হয়ে থাকে।
রোববার থেকে স্ত্রীকে তালাক দিতে হলে লিখিত বার্তা পাঠাতে হবে, যার দ্বারা আদালতের পক্ষে বিষয়টি নিশ্চিত হওয়া সম্ভব হবে।
কঠোর ধর্মীয় অনুশাসনের দেশটির নারী আইনজীবীদের মতে, এমন সিদ্ধান্তের ফলে গোপনে তালাক দেওয়ার সংস্কৃতি বন্ধ হয়ে গেল। এর মধ্য দিয়ে নারীরা তাদের বৈবাহিক অবস্থা এবং এনিয়ে অধিকার সচেতন হবে।
ইসলামি শরিয়া আইনের দেশটিতে নারীদের কঠোর অনুশাসনের মধ্যে দিয়ে যেতে হয়। তবে গত দেড় বছরে এ অবস্থার পরিবর্তন হওয়া শুরু হয়েছে। নারীদের গাড়িচালনার ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়া ছাড়াও সিনেমা হলে ও স্টেডিয়ামে যাওয়ার অনুমতি মিলেছে তাদের।
তবে এখনো ব্যাংক অ্যাকাউন্ট খোলা, পাসপোর্ট বানাতে পারে না সৌদি নারীরা। নিজের ইচ্ছায় বিয়ে কিংবা তালাকেরও অধিকার রাখে না তারা।