ফোন পেতে শুরু করেছেন হবু মন্ত্রীরা

নতুন মন্ত্রিসভার হবু মন্ত্রীরা একে একে ফোন পেতে শুরু করেছেন। সোমবার বিকেল সাড়ে ৩টায় তাদেরকে বঙ্গভবনে শপথ অনুষ্ঠানে থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন দিয়ে জানানো হয়েছে।

ইতোমধ্যে যারা ফোন পেয়েছেন, তাদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও এনামুল হক শামীম, চট্টগ্রাম-৯ আসনের মুহিবুল হাসান চৌধুরী নওফেল, নাটোর-৩ আসনের জুনায়েদ আহমেদ পলক, মৌলভীবাজার-১ আসনের মো. শাহাবুদ্দীন, জামালপুর-৪ আসনের ডা. মো. মুরাদ হাসান, গাজীপুর-২ জাহিদ আহসান রাসেল, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আনিসুল হক, রংপুর-৪ আসনের টিপু মুনশী, নওগাঁ-১ আসনের সাধন চন্দ্র মজুমদার, ঢাকা-১৯ আসনের এনামুর রহমান, পিরোজপুর-১ আসনের শ ম রেজাউল করিম, কুমিল্লা-৯ আসনের তাজুল ইসলাম।

অন্যদের মধ্যে রয়েছেন- কুমিল্লা-১০ আসনের আ হ ম মুস্তাফা কামাল, বর্তমান সরকারের অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, ঢাকা-৩ আসনের নসরুল হামিদ বিপু, রাজশাহী-৬ আসনের শাহরিয়ার আলম, গাজীপুর-১ আসনের আ ক ম মোজাম্মেল, নেত্রোকানো-২ আশরাফ আলী খান খসরু, ইমরান আহমেদ চৌধুরী, মোস্তাফা জব্বার প্রমুখ।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পাওয়ার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন তারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন ৪৬ জন। এর মধ্যে ২৪ জন পূর্ণ মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপমন্ত্রী রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ২৯৮ আসনের মধ্যে ২৮৮টি আসন পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। লাঙল প্রতীকে ২২ আসন নিয়ে বিরোধী দলে বসছে জোটের অন্যতম শরিক জাতীয় পার্টি। বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্ট থেকে বিজয়ী ছয়জন সংসদ সদস্য হিসেবে শপথ নেননি।