আনন্দ উদযাপন করতে গিয়ে নিজের শিশুসন্তানকেই মেরে ফেললেন এক বাবা। ভারতের দিল্লির উত্তরপূর্ব এলাকায় ইংরেজি নববর্ষ পালন করতে গিয়ে এ ঘটনা ঘটে।
রোববার এনডিটিভি জানায়, জনতা দলের (জেডি-ইউ) সাবেক এক নেতার গুলিতে এক নারী স্থাপত্যবিদ মারা গেলে এ ঘটনা প্রকাশ্যে আসে। ফতেহপুরের খামারবাড়িতে নববর্ষ উদযাপন করতে গিয়ে একইভাবে নেতার গুলিতে মারা যান ওই নারী।
পুলিশ জানায়, আকাশে গুলি ছুড়তে গিয়ে দুর্ঘটনাবশত নিজের আট বছর বয়সী ছেলেকেই মেরে ফেলেছেন ওই ব্যক্তি। ৪২ বছর বয়সী ওই বাবাকে শনিবার গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির ডান গালে গুলি লাগে। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার আগেই সে মারা যায় বলে পুলিশ জানায়।
দিল্লির উত্তরপূর্বাঞ্চলের ডেপুটি কমিশনার অতুল কুমার ঠাকুর বলেন, তদন্তে মূল সন্দেহভাজন হিসেবে শিশুটির বাবার নাম ওঠে আসে। নিজের গুলিতে ছেলে মারা গেছে বলে পরবর্তীতে তিনি স্বীকার করেছেন।
ওই ব্যক্তি পুলিশকে জানান, উত্তরপ্রদেশের এক ব্যক্তির কাছ থেকে তিনি অস্ত্র কেনেন। নববর্ষ উদযাপন উপলক্ষে আকাশে গুলি ছুড়ছিলেন তিনি। ছেলেও তার সঙ্গে ছিলেন। এ সময় দুর্ঘটনাবশত তার গায়ে গুলি লেগে যায়।