‘রেকর্ডে’র পথে রণবীরের সিম্বা

রণবীর সিংয়ের ব্যক্তিগত ক্যারিয়ারের দিক থেকে রেকর্ড গড়তে চলেছে তার নতুন ছবি সিম্বা। ছবিটি শনিবার বলিউড তারকার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের নজির গড়েছে। সামনের কয়েক দিনে হয়ে যেতে পারে তার সর্বোচ্চ আয়ের ছবি।

৯ দিন হল মুক্তি পেয়েছে সিম্বা। এর মধ্যে ঘরে তুলেছে ১৮৪.২০ কোটি রুপি! রণবীরের ক্যারিয়ারে সর্বোচ্চ আয়ের ছবি বাজিরাও মাস্তানি।

বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটে সিম্বার প্রশংসা করে লিখেছেন, ‘বক্স অফিসে রীতিমতো শাসন করছে সিম্বা। শনিবারই রণবীরের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি হতে যাচ্ছে। আশা করছি সামনের কয়েক দিনে বাজিরাও মাস্তানিকেও ছাড়িয়ে যাবে।’

ভারতীয় গণমাধ্যম বলছে, সামনের শনিবার নাগাদ ২৫০ কোটি রুপি আয় করবে বলিউডের বছর শেষের ছবিটি।

গত বছর সালমান খানের রেস থ্রি, আমির খান ও অমিতাভ বচ্চনের থাগস অব হিন্দোস্থান এবং শাহরুখ খানের জিরো তুলনামূলক কম আয় করেছে। তাই সিম্বার দিকে তাকিয়ে ছিলেন হলমালিকরা।

সিম্বার সাফল্যে রীতিমতো উদ্বেলিত রণবীর। শনিবার সাংবাদিকদের বলেন, ‘এমন উচ্ছ্বাস কখনো দেখিনি। এটা এমন একটা ছবি, যা আমি সব সময় করতে চেয়েছি। দর্শকদের অবিশ্বাস্য ভালোবাসায় আমি কৃতজ্ঞ।’