সিলেটে অবহেলায় শিশুর মৃত্যু, ভাঙচুর

চিকিৎসক ও সেবিকাদের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর করেছেন আত্মীয়-স্বজনরা। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকার পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ছয় মাস বয়সী মেহেরিন নগরীর বালুচর এলাকার শাহজাহান মিয়ার মেয়ে। তবে ওই শিশুর চিকিৎসায় কোনো অবহেলা বা ভুল ছিল না বলে দাবি করেছে হাসপাতাল কর্র্তৃপক্ষ। 

শিশুটির চাচা ফজলুর রহমান জানান, ঠান্ডা ও শ্বাসকষ্টে আক্রান্ত মেহেরিনকে শনিবার সন্ধ্যায় পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পরই খিঁচুনি উঠে মারা যায় মেহেরিন। খিঁচুনি ওঠার পর অনেক ডাকাডাকি করেও চিকিৎসক বা সেবিকাদের কাউকেই পাওয়া যায়নি। চিকিৎসায় অবহেলা ও ভুলের কারণেই মেহেরিনের মৃত্যু হয়েছে দাবি করে তার চাচা বলেন, ‘এ ব্যাপারে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’ পার্কভিউ হাসপাতালের উপপরিচালক তন্ময় ভট্টাচার্য দেশ রূপান্তরকে বলেন, ওই শিশুর চিকিৎসায় কোনো ভুল বা অবহেলা ছিল না।