গত বছর ৯০৪ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ বিজিবির

২০১৮ সালে সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ মাদক ও অন্যান্য পণ্যের দাম আনুমানিক ৯০৩ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল রবিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযানে মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৭০৫ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১ হাজার ৩১৬ জনকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী।

জব্দ মাদকের মধ্যে রয়েছেÑ ১ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ৫১৮ পিস ইয়াবা, ৩ লাখ ৫৯ হাজার ১৫০ বোতল ফেনসিডিল। এছাড়া ৭৯ হাজার ২৮৬ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৬০৮ লিটার বাংলা মদ, ৩৬ হাজার ৪৩৫ ক্যান বিয়ার, ১৩ হাজার ৬৮২ কেজি গাঁজা, ৩৩ কেজি ৩৫১ গ্রাম হেরোইন, ৮ লাখ ৩৪ হাজার ৬৯৫ পিস এনেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট, ১৯ হাজার ৪৪৮টি নেশাজাতীয় ইনজেকশন এবং ৪৭ লাখ ৩ হাজার ৮২৪ পিস অন্যান্য ট্যাবলেট। জব্দ তালিকায় আরও রয়েছে ১৯৫ কেজি ৭৮৯ গ্রাম সোনা, ৯৩ হাজার ৮০০ শাড়ি, ২৬ হাজার ৮৫টি থ্রি-পিস ও শার্ট পিস, ১ লাখ ১৮ হাজার ৮৩৬ মিটার থান কাপড়, ৪৩ হাজার ৫৯টি তৈরি পোশাক, ২ লাখ ৩৮ হাজার ৫০২ সিএফটি কাঠ ও ৭২ হাজার ৪৭৯ কেজি চা পাতা।