কুকুরের কামড় থেকে বাঁচতে কয়েকটি পাথর নিক্ষেপ করায় বছর ত্রিশের এক যুবককে গুলি করে হত্যা করেছে ওই কুকুরের মালিক। ভারতের দিল্লিতে এ ঘটনা ঘটেছে বলে রোববার পুলিশ জানিয়েছে।
পুলিশ কর্মকর্তা অতুল ঠাকুর বলেন, উত্তর-পূর্ব দিল্লির ওয়েলকাম কলোনির রাস্তা দিয়ে হাঁটছিলেন আফাক।
এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভি জানায়, আফাককে দেখে কুকুরটি ঘেউ ঘেউ শুরু করে। একপর্যায়ে কুকুরটি তাকে প্রায় কামড় বসিয়ে দিচ্ছিল। তখন কুকুরটিকে লক্ষ্য করে কয়েকটি পাথর ছুড়ে মারেন আফাক।
পুলিশ জানায়, কুকুরের গায়ে পাথর আঘাত করতে দেখে তাৎক্ষণিক বাসায় যান মালিক মেহতাব। বাসা থেকে বন্দুক নিয়ে আসার পর বাকবিতণ্ডার একপর্যায়ে আফাককে গুলি করেন কুকুরের মালিক।
মুমূর্ষু অবস্থায় আফাককে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।