সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালুচর এলাকা থেকে ফয়সল আহমদ (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে।
এর আগে গত ৪ জানুয়ারি ফয়সল নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে তার আত্মীয়স্বজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
ফয়সল উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের কুয়েত প্রবাসী শফিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বালুচর এলাকার স্থানীয় লোকজন সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) সুশীল রঞ্জন দাস বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে, এর বেশি বলা যাবে না।