আইনস্টাইনের তত্ত্ব ‘ভুল’, সঠিক ‘মোদি তরঙ্গ’!

বিজ্ঞানী আইজেক নিউটন ও আলবার্ট আইনস্টাইনের বৈজ্ঞানিক তত্ত্ব ‘বাতিল’ করে দিয়েছেন ভারতীয় বিজ্ঞানীরা। দেশটির বার্ষিক বিজ্ঞান সম্মেলনে বক্তারা প্রাচীন হিন্দু মতবাদ দ্বারা দেখিয়েছেন যে, বিখ্যাত এ দুই বিজ্ঞানীর তত্ত্ব ভুল।

বিবিসির মতে, ভারতীয় বিজ্ঞানীদের এ দাবি অযৌক্তিক। মূলত হিন্দু মিথলজি ও ধর্মীয় মতবাদই এখন অন্যতম এজেন্ডার অংশ হয়ে উঠেছে দেশটির বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রধান এই জায়গায়।

শত বছর পার করা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের (আইএসসিএ) প্রতিবছরের মতো এবারও বার্ষিক সম্মেলন আয়োজন করে। ৩-৭ জানুয়ারি পর্যন্ত  ১০৬তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ মোদি।

গবেষকরা বলেন, ‘এবারের সম্মেলন ছিল রীতিমত হাস্যকর।’

সম্মেলনে দক্ষিণ ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাগেশ্বর রাও হিন্দু ধর্মীয় গ্রন্থের উদ্ধৃতি দিয়ে দেখান যে, কয়েক হাজার বছর আগে ভারতে স্টিম সেল গবেষণা হয়েছিল।

তিনি বলেন, ‘রামায়নের এক হিন্দু রাজার ২৪ ধরনের আকাশযান ছিল। এমনকী বর্তমানের শ্রীলঙ্কা পর্যন্ত বিমান যোগাযোগ ছিল তার।’

তামিলনাডুর এক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ড. কে জি কৃষ্ণান সম্মেলনে বলেন, ‘বিজ্ঞানী আইজেক নিউটন ও আলবার্ট আইনস্টাইন দুইজনই ছিলেন ভুল।’

বিজ্ঞান গবেষণায় জগদ্বিখ্যাত এ দুই কিংবদন্তীর মহাকর্ষ ও আপেক্ষিকতা তত্ত্বও ভুল বলে দাবি করেন তিনি। এ বিজ্ঞানী তার বক্তব্যে মহাকর্ষীয় তরঙ্গের নামকরণ করেন ‘নরেন্দ্র মোদি তরঙ্গ’।

ড. কে জি কৃষ্ণান বলেন, ‘নিউটন তার তত্ত্বে মহাকর্ষীয় বল বুঝাতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব বিভ্রান্তিকর।’

সমালোচকরা জানান, প্রাচীন হিন্দু গ্রন্থের এসব কথাবার্তা পড়া অনেকটা আনন্দদায়ক হলেও বিজ্ঞান গবেষণায় এসবকে প্রামাণ্য হিসেবে হাজির করাটা অর্থহীন।