আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা আপিলের শুনানি পেছাল

গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষের করা আপিলের শুনানি পিছিয়েছে। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি নিয়ে গতকাল সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি আট সপ্তাহ পেছানোর আদেশ দেন।

আদালতে বাদীপক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ৭ মে গাজীপুরের নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় তখনকার সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে। এ ঘটনায় আরও একজন নিহত হন। ২০০৫ সালের ১৬ই এপ্রিল ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

২০১৬ সালের ১৫ জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ে নুরুল ইসলামসহ ছয়জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এ ছাড়া বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামিসহ মোট ১১ জনকে খালাস দেন হাইকোর্ট। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর দণ্ডপ্রাপ্তদের খালাস চেয়ে আসামিপক্ষ এবং খালাসপ্রাপ্তদের সাজা চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।