মিরপুরে হামলায় যুবলীগ কর্মী নিহত

রাজধানীর মিরপুরে প্রতিপক্ষের হামলায় রোমান ওরফে কাইল্যা রোমান (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। পেশায় মাছ ব্যবসায়ী রোমান ছয় নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পেছনে এ ঘটনায় আহত হয়েছেন আল আমীন (২৭) নামে আরও এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ।   

মিরপুর মডেল থানার এসআই ফারুক দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলেই নিহত রোমানের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে, লাশ দীর্ঘ সময় সেখানেই পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় পাঁচটি মোটরসাইকেল। ছয় নম্বর ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোমান তার ইউনিট যুবলীগের সদস্য ছিলেন। বাসা ৬ নম্বর সেকশনে। আহত আল আমিনের বন্ধু মিজানুর রহমান দেশ রূপান্তরকে বলেন, দুপুরে আমরা ৬ নম্বর সেকশন কাঁচাবাজারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম। পাশেই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে একদল যুবক আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে তারা দৌড়ে পালিয়ে যায়। ওই যুবকদের কাউকেই আমরা চিনি না। হামলায় নিহত রোমানকেও তারা চেনেন না বলে দাবি করেন মিজানুর। আল আমীন ১০ নম্বর সেকশনে ফুটপাতের ব্যবসায়ী।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির দেশ রূপান্তরকে বলেন, এলাকায় দুটি পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।