গ্যাবনে সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা

তেলসমৃদ্ধ দেশ গ্যাবনের রাষ্ট্রক্ষমতা দখলে গতকাল সোমবার সকালে দেশটির সেনাবাহিনীর করা ক্যু চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, সেনাবাহিনীর বিদ্রোহী সদস্যরা অস্ত্রের মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। বিদ্রোহীদের অধিকাংশকেই গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সরকারের মুখপাত্র গাই বার্টান্ড মাপানগু শান্তি ফিরে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে এক বিবৃতিতে জানান। আফ্রিকান ইউনিয়নের প্রধান মুসা ফাকি মোহামত এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ‘সোমবার সকালে গ্যাবনে ক্যু চেষ্টার তীব্র নিন্দা জানায় আফ্রিকান ইউনিয়ন। আমি দেশটির সকল অসাংবিধানিক ক্ষমতা পরিবর্তনকে প্রত্যাখ্যান করছি।’

সোমবার সকালে সেনাবাহিনী দেশটির জাতীয় রেডিও স্টেশন দখল করে জনগণকে ‘জেগে’ ওঠার আহ্বান জানিয়ে ‘জাতীয় পুনরুদ্ধার কাউন্সিল’ গঠনের ঘোষণা দেয়।

প্রেসিডেন্ট আলী বঙ্গো গত দুমাস ধরে দেশের বাইরে অবস্থান করাকে সেনাবাহিনী রাষ্ট্রক্ষমতা দখলের সুযোগ হিসেবে কাজে লাগায়। ‘গণতন্ত্র পুনরুদ্ধারে’ এই ক্যু করা হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়। সেনাবাহিনীর ট্যাংক এবং সাঁজোয়া যান রাজধানী লিভারভিলের রাস্তায় মোতায়েন করা হয়েছে।

রাজধানীর মূল রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সেন্টারে গুলির শব্দ শোনা যায়। অধিকাংশ সরকারি প্রশাসনিক দপ্তরের সামনে সেনাসদস্যরা অবস্থান নিয়েছে।

দেশটির রিপাবলিকান গার্ডের ডেপুটি কমান্ডার এবং প্যাট্রিওটিক ইয়ুথ মুভমেন্ট অব দ্য গ্যাবানিজ ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের সদস্য পরিচয় দিয়ে এক সেনা কর্মকর্তা রেডিওতে ক্ষমতা দখলের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওচিত্রে রিপাবলিকান গার্ডের তিন সদস্যকে দেখা যায়।

ভিডিওতে এক সেনা সদস্য গ্যাবনের তরুণদের এই আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে যেতে পারি না। অনেকদিন ধরেই সেনাবাহিনী দেশের জনগণের পাশে দাঁড়িয়ে গ্যাবনে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। আপনি যদি খেতে থাকেন, তাহলে থামুন। আপনি যদি পান করতে থাকেন, থামুন। যদি ঘুমন্ত অবস্থায় থাকুন, তবে জেগে উঠুন। প্রতিবেশীদের জাগিয়ে তুলুন। জেগে উঠুন এবং রাস্তার দখল নিন।’

এ সময় সেনা সদস্যরা দেশের জনগণকে সরকারি ভবন এবং বিমানবন্দরের দখল নিতেও আহ্বান জানান। সেনা ক্যু নিয়ে মরক্কোর রাবাতে অবস্থানরত প্রেসিডেন্ট বঙ্গোর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত ৩১ ডিসেম্বর মরক্কো থেকে প্রেসিডেন্টের এক রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়। সেখানে প্রেসিডেন্ট নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানান। ২০০৯ সালে বঙ্গোর বাবা মারা যাওয়ার পর তিনি প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন। সূত্র : এএফপি