খুলনায় সাদ্দাম হোসেন (৬৬) নামে এক ব্যক্তির দুই হাতের কবজি বিচ্ছিন্ন ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকাল ৬টার দিকে রূপসা থানার জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে। সাদ্দাম হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
পরিবারের সদস্য ও পুলিশ কর্মকর্তারা জানান, ফজরের নামাজ শেষে সাদ্দাম সকালে রূপসা সেতুর নিচে চা খেতে আসেন। তখন সাত-আটজন লোক তাকে সেতু থেকে একটু দূরে বিলের কাছে ধরে নিয়ে যায়। সেখানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার দুই হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে দুর্বৃত্তরা। এ ছাড়া তার দুই পায়ের রগও কেটে দেয়। পরে এলাকাবাসী সাদ্দামকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয় বলে ধারণা করছেন রূপসা থানার ওসি রফিকুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
সাদ্দাম শেখের মেজো ছেলে নাসিম শেখ দেশ রূপান্তরকে বলেন, এর আগে ২০১২ সালেও একবার তার বাবাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় করা মামলা বিচারাধীন আছে।