‘যত দোষ পুলিশের’

ওদুদের বক্তব্যের প্রতিবাদ আ.লীগ নেতা রুহুলের

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজয়ের পর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ দৈনিক দেশ রূপান্তরকে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান রুহুল আমীন। গত ১ জানুয়ারি ‘যত দোষ পুলিশের’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ওদুদ অভিযোগ করেন, “আমাদের দলের একটি অংশ রয়েছে যারা সারা জীবন দল করেন, পদ-পদবি ব্যবহার করেন কিন্তু ভোট দেন অন্য দলের প্রার্থীকে...।  সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিলা খাতুন পারুল ‘ওপেন’ বিরোধিতা করেছেন। ”

গতকাল সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রুহুল আমীন বলেন, ‘ছাত্রলীগ, যুবলীগের নেতৃত্ব দিয়ে এখন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত রয়েছি। নেত্রীর নির্দেশ অনুযায়ী নৌকার পক্ষে সর্বাত্মকভাবে কাজ করেছি।  তার পরও এমন বক্তব্য দুঃখজনক।  আবদুল ওদুদের এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

আওয়ামী লীগ নেতা রুহুলের বক্তব্যের বিষয়ে জানতে ওদুদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোনে কল দিয়ে দুটি বন্ধ পাওয়া গেছে এবং অন্যটিতে রিং বাজলেও তিনি ধরেননি।

বিজ্ঞপ্তিতে রুহুল আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী মনোনয়ন ঘোষণার পর দলীয় প্রার্থীর সঙ্গে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছি। নির্বাচনী প্রচার-প্রচারণার ২৯টি পথসভায় যোগদানসহ প্রচারের প্রতিদিনই নিজ খরচে বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নৌকার পক্ষে গণসংযোগ করেছি। যার অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে আছে। এর পাশাপাশি প্রার্থীকে বিভিন্ন সাহায্য-সহযোগিতাও করেছি।’

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদ হারুনের কাছে ৪৭ হাজার ৭২৩ ভোটের ব্যবধানে পরাজিত হন আওয়ামী লীগের প্রার্থী আবদুল ওদুদ।  ধানের শীষ প্রতীকে হারুন ১ লাখ ৩৩ হাজার ৬৬১ ভোট ও নৌকা প্রতীকে ওদুদ পান ৮৫ হাজার ৯৩৮ ভোট। তৃতীয় স্থানে থাকা স্বতন্ত্র প্রার্থী জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নূরুল ইসলাম বুলবুল পান ৫৯ হাজার ৫১৭ ভোট।