টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং ও নেপালের প্রধানমন্ত্রী খাড়গা প্রসাদ শর্মা ওলি।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব আশরাফুল আলম খোকন দেশ রূপান্তরকে জানান, টানা তৃতীয় মেয়াদের জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় চীনের প্রধানমন্ত্রী অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, বার্তায় চীনের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার হবে। লি কেকিয়াং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য এবং বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
ডেপুটি প্রেস সচিব জানান, নেপালের প্রধানমন্ত্রীও শেখ হাসিনাকে অভিনন্দন জানান। এক বার্তায় খাড়গা প্রসাদ শর্মা শেখ হাসিনার নতুন সরকারের আরও সাফল্য কামনা করেন।