গত ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়া পোশাক শ্রমিকদের বেতন কাঠামোতে কোনো ধরনের বৈষম্য বা অসঙ্গতি থেকে থাকলে চলতি জানুয়ারি মাসের মধ্যেই তা সংশোধন করা হবে। শ্রমিকরা বুধবার থেকে নিজ নিজ কারাখানায় কাজে ফিরে যাবেন।
মঙ্গলবার শ্রম ভবনে আয়োজিত পোশাক শ্রমিক-মালিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ফেব্রুয়ারিতে সংশোধিত গ্রেডিংয়েই বেতন পাবেন শ্রমিকরা।
শ্রমিকদের নিজ নিজ কারখানার কাজে ফিরে যাওয়ারও আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, এরপরেও কেউ যদি রাস্তায় আন্দোলন করেন, তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
বৈঠকে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বকেয়া বেতন-ভাতা এবং বেতন কাঠামোর গ্রেড পুনর্গঠন ও বাস্তবায়নের দাবিতে গত রোববার থেকে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছেন। সড়ক অবরোধ করে বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।