ভারতেই হচ্ছে আইপিএল, শুরু ২৩ মার্চ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসর শুরু হবে ২৩ মার্চ। ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি আসরটি সে দেশেই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড)।

লোকসভা নির্বাচনের কারণে এবারের আইপিএল ভারতে না হয়ে অন্য কোথাও আয়োজিত হতে পারে বলে গুঞ্জন চলছিল অনেক দিন ধরেই। কিন্তু বিসিসিআই মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ভারতের বাইরে যাচ্ছে না আইপিএল।

টুর্নামেন্ট শুরুর দিনক্ষণ জানানো হলেও পুরো সূচি প্রকাশ করা হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম ক্রিকবাজ জানাচ্ছে, এবার হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা নাও হতে পারে। নির্বাচনের সময় ভিন্ন ভেন্যুতে আয়োজিত হতে পারে খেলা। নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হওয়ার পর আইপিএলের সূচি চূড়ান্ত হবে।

নির্বাচনের কারণে এর আগে দুইবার ভারতের বাইরে আয়োজিত হয়েছে আইপিএল। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি আসরটি। ২০১৪ সালে ভেন্যু ছিল সংযুক্ত আরব আমিরাত।