ডেমরায় দুই শিশুর লাশ হত্যাকারীর ফাঁসি দাবি এলাকাবাসীর

রাজধানীর ডেমরায় শিশু ফারিয়া ও নুসরাত হত্যায় জড়িত ব্যক্তির ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার সকালে ডেমরা-যাত্রাবাড়ী সড়কের কোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধনে তারা এ দাবি জানায়। এতে স্থানীয়দের সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও অভিভাবকরাও অংশ নেয়। এলাকাবাসীর অভিযোগ, ডেমরার শাহজালাল রোডের ভাড়াটিয়া গোলাম মোস্তফা শিশু নুসরাত (৫) ও ফারিয়া আক্তারকে (৪) ধর্ষণের পর হত্যা করেছে। মানববন্ধনে উপস্থিত জনতা গোলাম মোস্তফার ফাঁসির দাবিতে স্লোগান দেয়। এ ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে।

মানববন্ধনে ফারিয়ার মা পারভিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘বিশ্বাস করতে পারছি না, আমার বুকের ধন পৃথিবীতে আর নেই। যারা এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের জনসম্মুখে ফাঁসি চাই। যেন আর কোনো মায়ের সন্তান নির্মম হত্যার শিকার না হয় আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’

এদিকে গতকাল পর্যন্ত হত্যায় মূল অভিযুক্ত গোলাম মোস্তফাকে আটক করতে পারেনি পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মোস্তফার স্ত্রী আঁখি খানম, ছেলে জিহাদ ও নূর হোসেন নামে আরেকজনকে থানায় নেওয়া হয়েছে। ডেমরা থানার এসআই মাইনুল হোসেন জানান, এ ঘটনায় মোস্তফা ও আজিজুলকে আসামি করে দুই পরিবারের পক্ষ থেকে দুটি পৃথক মামলা করা হয়েছে।