কাতারে শান্তি আলোচনায় বসছে তালেবান-যুক্তরাষ্ট্র

কাতারে দুই দিনের জন্য যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে শান্তি আলোচনায় বসছেন আফগান তালেবান প্রতিনিধিরা। আজ বুধবার থেকে এ আলোচনা শুরু হবে বলে আল জাজিরার খবরে জানানো হয়েছে।

তালেবানের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এ আলোচনায় থাকবেন না আফগানিস্তান সরকারের কোনো কর্মকর্তা। আঞ্চলিক প্রভাবশালী রাষ্ট্রগুলো অনেকবার আফগানিস্তানের সরকারি কর্মকর্তাদের আলোচনায় রাখতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে। তবে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, ১৭ বছরের যুদ্ধে তাদের প্রধান প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। সেখানে কাবুলভিত্তিক সরকার কেবলই ‘পুতুল’।

আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে ক্ষমতাচ্যুত হয় দেশটির বৃহত্তম সশস্ত্র গোষ্ঠী তালেবান। তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈঠক হওয়ার কথা ছিল সৌদি আরবে। তবে সৌদি সরকার আলোচনায় আফগান কর্মকর্তাদের রাখার অনুরোধ করায় তালেবান বৈঠক বাতিল করে।