আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদীখানে গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ধস্তাধস্তিতে পুলিশের দুই এসআই আহত হয়েছেন। উপজেলার তালতলা বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী মামুন আহম্মেদ ও বাবু দেওয়ান পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী এ ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ মামুন আহম্মেদ নামে এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের ধস্তাধস্তিতে সিরাজদীখান থানার দুই এসআই আহত হন। আহত মোতালেব হোসেন ও মোনায়েম মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দুপুর ১২টার দিকে তালতলা বাজার এলাকায় আওয়ামী লীগ কর্মী মামুন আহম্মেদ ও বাবু দেওয়ান পক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। বেলা ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজদীখান থানার ওসি তদন্ত হাফিজুর রহমান মানিক বলেন, ঘটনাস্থল থেকে আওয়ামী লীগ কর্মী মামুন আহম্মেদকে আটক করলে তার লোকজনের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়।