সম্পর্ক ভেঙে দেওয়ায় প্রেমিকাকে হাতুড়িপেটা

আট বছরের সম্পর্ক। প্রেমিক বেকার। প্রেমিকা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। এই সম্পর্ক চালিয়ে যেতে না চাওয়ায় প্রেমিকাকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন ভারতের দিল্লি শহরের এক প্রত্যাখ্যাত প্রেমিক।

২৪ বছরের যুবককে সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ। বছর একুশের তরুণী ভারতের স্পাইনাল ইনুজুরিস সেন্টারে ভর্তি আছেন। পুলিশকে তিনি জানিয়েছেন, প্রেমিকের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন।

‘কিন্তু চিকিৎসকরা বুঝতে পারছেন পড়ে গিয়ে এটি হয়নি। হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়েছে। মেয়েটি পরে সেটি স্বীকারও করেছে,’ হিন্দুস্তান টাইমসকে বলছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ডেপুটি কমিশনার দেবেন্দ্র আরিয়া।

আহত তরুণী সরোজিনী নগরে পরিবারের সঙ্গে থাকেন। যুবকের বসবাস আরকে পুরমে।

ডেপুটি কমিশনার দেবেন্দ্র বলেন, ‘দুজনের আট বছরের সম্পর্ক ছিল। তিন মাস আগে ব্রেকআপ হয়েছে।’

‘রোববার ছেলেটি ওই মেয়েকে মিথ্যা বলে একটি হোটেলে ডাকে। সে জানায় মুম্বাইয়ের টিভিতে তার কাজের সুযোগ হয়েছে। ‍মুম্বাই যাওয়ার আগে শেষবারের মতো দেখা করতে চায়।’

মেয়েটি হোটেলে আসলে সম্পর্ক চালিয়ে যাওয়ার অনুরোধ করেন ওই যুবক। দুই ঘণ্টার আলাপে মেয়েটিকে তিনি রাজি করাতে ব্যর্থ হন।

এরপর হোটেল ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় মেয়েটি ভুলে আধার কার্ড ফেলে যান। এই সুযোগে ওই যুবক তরুণীকে আবার ডাকেন। সেখানে আরেকবার দুজনের ঝগড়া হয়। তখন আগে থেকে কিনে রাখা হাতুড়ি দিয়ে মাথায় বেশ কয়েকটি বাড়ি মারেন।

পুলিশ কমিশনার বলেন, ‘সে ভেবেছিল মেয়েটি মারা যাবে। কিন্তু বেঁচে গিয়ে আমাদের সব জানিয়েছে। অভিযুক্তকে বিচারের আওতায় আনা হবে।’