পরকীয়া থেকে বিচ্ছেদ। পরিণামে দুই পক্ষের মামলা। তুরস্কের আদালত রায় দিলেন স্বামীর পক্ষে। সন্তান হাতছাড়া হওয়ার পাশাপাশি প্রায় তিন লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য হলেন অভিযুক্ত নারী।
ঘটনাটি ২০১৬ সালের নভেম্বরের। তুর্কি মিডিয়া মামলার রায়ের পর বিষয়টি জানতে পেরেছে।
মেহমেত (ছদ্মনাম) নামের ওই ব্যক্তি একদিন বাড়ি ফিরে দেখেন সন্তানকে নিয়ে স্ত্রী উধাও। পরে জানতে পারেন বোনের স্বামীকেও পাওয়া যাচ্ছে না। এরপর তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।
ওই বছর ১৩ নভেম্বর ওই নারী পুলিশের কাছে দাবি করেন, তিনি পালাননি। স্বামী খোঁজ-খবর রাখে না বলেই ঘর ছেড়েছেন।
মেহমেত তখন ডিভোর্স চেয়ে মামলা করেন। সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে সাড়ে সাত লাখ টাকা দাবি করেন। ছেলেকেও নিজের কাছে রাখার আর্জি জানান।
কোনিয়ার একটি পারিবারিক আদালত স্বামী-স্ত্রী উভয়ের ‘দোষ’ খুঁজে পায়। রায়ে বলা হয়, ছেলে থাকবে মায়ের কাছে। একই সঙ্গে জরিমানা হিসেবে স্ত্রী পাবেন চার হাজার টাকা।
মেহমেত এই রায়ের বিরুদ্ধে আঙ্কারার আঞ্চলিক আদালতের বিচারপতির কাছে আপিল করেন। আপিল আমলে নিয়ে শুনানিতে বসে আদালত।
নতুন রায়ে বলা হয়, ‘স্বামীর তুলনায় স্ত্রীর দোষ বেশি। তার আচরণই ডিভোর্সের পথে নিয়ে যায় ওই পুরুষকে। জরিমানা হিসেবে অভিযুক্তকে তিন লাখ টাকা দিতে হবে।’