‘বিরোধী জোটের আন্দোলন সহিংসতার দিকে গেলে সমুচিত জবাব’

বিরোধী দলের (জোট) আন্দোলন সহিংসতার দিকে গেলে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাটে এ হুঁশিয়ারি দেন তিনি।

সকালে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে যাওয়ার প্রাক্কালে শিমুলিয়া ফেরিঘাটে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।

শিমুলিয়া ফেরিঘাটে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, বিরোধী দলের (জোট) আন্দোলনের কর্মসূচি তাদের নিজস্ব ব্যাপার। নির্বাচন নিয়ে তারা যৌক্তিকভাবে যে কোনো ধরনের কর্মসূচি দিতে পারে।

তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আন্দোলনের নামে সহিংসতা করলে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিরোধী দলের (জোট) আন্দোলন সহিংসতা ও নাশকতার দিকে গেলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, যারা আন্দোলনে পরাজিত, তারা নির্বাচনেও পরাজয় বরণ করেছে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থতার পর বিরোধী দল (জোট) ভবিষ্যতেও সফল হবে না।

তিনি বলেন, ‘তাদের (বিরোধী জোট) নতুন করে বিশ্বাস করার কিছু আছে বলে মনে হয় না। তাদের বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, আমরাও করি না।’