জ্বললেন কেবল ডেভিড ওয়ার্নার, আফিফ হোসেন ও নিকোলাস পুরান। এই তিন ব্যাটারের নৈপুণ্যে চিটাগং ভাইকিংসকে জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্য বেধে দিয়েছে চলতি বিপিএলে প্রথম জয়ের লক্ষ্যে থাকা সিলেট সিক্সার্স।
বিপিএলে বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৮ রান করে সিলেট। দলটির হয়ে ব্যাটহাতে লড়েছেন তিনজন: অধিনায়ক ওয়ার্নার, আফিফ ও পুরান। দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি বাকিদের কেউই।
মাত্র ৬ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেললেও তিনজনের ব্যাটিং দৃঢ়তায় বড় সংগ্রহ পায় সিলেট। দক্ষিণ আফ্রিকান পেসার রবি ফ্রাইলিঙ্কের বলে কাভারে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেওয়ার আগে ৫৯ রান করেন ওয়ার্নার। এই অজি ওপেনারের ৪৭ বলের ইনিংসটিতে রয়েছে দুটি চার ও এক ছক্কা।
রানের খাতাই খুলতে পারেননি অপর ওপেনার লিটন দাস। তিন বলে ৩ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন তিন নম্বরে নামা নাসির হোসেন। ছয় বল খেলে রানের দেখা পাওয়ার আগেই ফ্রাইলিঙ্কের বলে বোল্ড হন চারে নামা সাব্বির হোসেন।
বাংলাদেশের ব্যাটসম্যানের মধ্যে কেবল জ্বলেছেন আফিফ। পেসার খালেদ আহমেদের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ২৮ বলে পাঁচ চার ও তিন ছক্কায় করেন ৪৫ রান।
ছয় নম্বরে ঝড় তুলেছেন পুরান। ৩২ বলে তিন ছক্কা ও তিন চারে ক্যারবীয় এই ব্যাটসম্যানের ৫২ রানের কার্যকরী ইনিংসে ফাইট দেওয়ার মতো সংগ্রহ পায় সিলেট।
চিটাগংয়ের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফ্রাইলিঙ্ক। ৪ ওভারে ২৬ রান খরচায় তিনটি উইকেট নেন ডানহাতি এই পেসার। একটি করে উইকেট নেন নাঈম হাসান ও খালেদ।
জয়ের জন্য ১৬৯ রানের জবাবে শুরুটা ভালো করতে পারেননি চিটাগং। প্রথম ওভারেই টাসকিন আহমেদের বলে উইকেট ছাড়া হয়েছেন আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ।