রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। শেষ হবে ১৮ জানুয়ারি। এবারের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।
উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম সেকশনে ৭২টি দেশের ২১৮টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অতিথি থাকবেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক। সভাপতিত্ব করবেন উৎসবের প্রধান পৃষ্ঠপোষক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি।
এর পর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে থাকছে তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজিত ‘দ্য গেস্ট’। পরিচালনা করেছেন তুরস্কের আন্দাজ হাজানেদারগলু।
বুধবার দুপুরে ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত দিক তুলে ধরে আয়োজক সংগঠন রেইনবো চলচ্চিত্র সংসদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল, জুরি ইলিয়াস কাঞ্চন, কার্যনির্বাহী সদস্য ম. হামিদ, প্রোগ্রামার জোহরে জামালি ও ইয়াসিন গুজেলপিনার।
উৎসবে চলচ্চিত্র প্রদর্শনী হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও যমুনা ব্লকবাস্টার সিনেমা।
১১-১২ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘পঞ্চম আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন অ্যাডভোকেট সুলতানা কামাল।
১৪ জানুয়ারি প্রথমবারের অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্মাতাদের মিথস্ক্রিয়ামূলক দিনব্যাপী সেমিনার ‘ওয়েস্ট মিটস ইস্ট’। আরও থাকছে ‘প্রথম এশিয়ান ফিল্ম ক্রিটিকস্ এ্যাসেম্বেলি।
এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রায় ২২টি চলচ্চিত্র নিয়ে গঠিত (ন্যূনতম ৭০ মিনিট ব্যাপী ফিকশন ফিল্ম) প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্র নির্ধারণে থাকবে ৫ সদস্য বিশিষ্ট একটি স্বাধীন আন্তর্জাতিক জুরি বোর্ড। শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি ক্রেস্ট, সার্টিফিকেট এবং এক লাখ টাকা। এ ছাড়া শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এবং শ্রেষ্ঠ চিত্রনাট্যের জন্য পুরস্কার হিসেবে থাকছে একটি সার্টিফিকেট ও ক্রেস্ট।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ৭টি চলচ্চিত্র নিয়ে সাজানো হয়েছে রেট্রোস্পেটিভ বিভাগ। বাংলাদেশ প্যানোরোমা বিভাগে বাংলাদেশের ১০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। সিনেমা অব দ্য ওর্য়াল্ড বিভাগে বিভিন্ন দেশের সমকালীন সেরা ৫২টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এই বিভাগের জন্য দর্শক জরিপে একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হবে। চিলড্রেনস বিভাগে ১৭টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
স্পিরিচুয়াল ফিল্মস বিভাগে ২৪টি ছবি প্রদর্শিত হবে। মূলত ধর্মীয় বিশ্বাস, অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং মানবতাবাদী চলচ্চিত্র এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। উইমেন ফিল্ম মেকারস্ বিভাগে দেশি-বিদেশি ২৮টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্মস্ বিভাগে দেশি-বিদেশি ৫৮টি ছবি প্রদর্শিত হবে।
রেইনবো চলচ্চিত্র সংসদ ১৯৭৭ সাল থেকে বাংলাদেশে চলচ্চিত্র সংসদ আন্দোলনে সংশ্লিষ্ট থেকে চলচ্চিত্র প্রদর্শন সংস্কৃতির বিকাশে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। এই আন্দোলনের অংশ হিসেবে ১৯৯২ সাল হতে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ শুরু করে। প্রথম দিকে এটি দ্বিবার্ষিক আয়োজন থাকলে বিগত তিন বছর ধরে এটি বার্ষিক আয়োজন হিসেবে যুক্ত হয়েছে।
চলচ্চিত্র দেখার নিয়মাবলি:
জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সকাল ১০টা থেকে চলবে শিশুতোষ চলচ্চিত্র। শিশুদের সঙ্গে অভিভাবকরাও আসতে পারবেন। এ ছাড়া সকাল ১০টা, দুপুর ১টা ও বিকেল ৩টার প্রদর্শনী শিক্ষার্থীরা বিনামূল্যে দেখতে পারবেন। সে ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। আর সাধারণ দর্শনার্থীদের জন্য টিকিটমূল্য ৫০ টাকা।
জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, অলিয়ঁস ফ্রঁয়েজ মিলনায়তন ও শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সব প্রদর্শনী বিনামূল্যে উপভোগ করা যাবে। আসনসংখ্যা সীমিত থাকায় আগে আসলে দেখবেন ভিত্তিতে আসন বণ্টন করা হবে।
এ ছাড়া যমুনা ব্লকবাস্টার সিনেমাসে কর্তৃপক্ষের নির্ধারিত প্রদর্শনীর বিনিময়ে দর্শকরা উৎসবের চলচ্চিত্রগুলো উপভোগ করতে পারবেন।