একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধনের জন্য ফের উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে আইন মন্ত্রণালয়।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা নিয়ে এই আইনের খসড়াটি আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বিচারের জন্যই এই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এর আগে গতবার ক্ষমতায় এসেও জামায়াতের বিচারের জন্য আইন সংশোধনের কথা একাধিকবার বলেছিলেন বর্তমান আইনমন্ত্রী। সে সময় তিনি বলেছিলেন, অপরাধী সংগঠনের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের সংশোধনীর খসড়া শিগগিরই মন্ত্রিসভায় উঠবে। শেষ অবধি সেই খসড়া আর মন্ত্রিসভায় ওঠেনি। জামায়াতের বিচার কাজও শুরু হয়নি।
এর আগেও আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল- জানতে চাইলে সাংবাদিকদের আইনমন্ত্রী বলেন, আইনের কিছু সংশোধন করে আমরা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছিলাম। তারা আইনগত ভাষার বিষয়ে কিছু পরিবর্তন আনতে আমাদের কাছে পাঠায়। সেটা আমাদের কাছে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, যাতে এটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হয় এবং পাস হয়।
বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যার নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আইনমন্ত্রী জানান।