একাদশ সংসদে জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলে থেকে সরকারের ভালো কাজের প্রশংসা করবে ও দুর্নীতি-কুকর্মের দোষ-ত্রুটি তুলে ধরবে এবং সমাধান না হলে বিরোধী দলের ভূমিকায় সোচ্চার হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও দলের কো-চেয়ারম্যান জি এম কাদের।
বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে জি এম কাদের এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, আমরা সত্যিকারের বিরোধী দল হতে চাই। বিরোধী দল মানে ভাঙচুর, অবরোধ, নৈরাজ্য সৃষ্টি করা নয়। বিরোধী দল জনগণের কল্যাণে কথা বলবে। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হব। আমরা উন্নয়ন ও সুশাসনের কথা জাতি ও নতুন প্রজন্মকে জানাব।
জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটন অনুষ্ঠানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা উপস্থাপনা করেন। বক্তব্য রাখেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, যুব সংহতি উত্তরের সভাপতি মঞ্জুরুল হক, দক্ষিণের সভাপতি মো. দ্বীন ইসলাম শেখ, মো. শফিকুল ইসলাম দুলাল, আলমগীর কবিরসহ দলের অন্যান্য নেতারা।