সুবর্ণচরের ধর্ষকদের বিচার দাবিতে মানববন্ধন

একাদশ সংসদ নির্বাচনের ভোটের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘জন উদ্যোগ, সেফ ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটি’ এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণধর্ষণকারীরা কোনো দলের নয়। এমন প্রশ্ন তোলারও সুযোগ নেই। যারা এমন ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত বিচার করতে হবে। বাংলাদেশে আর কখনো যেন এমন ঘটনা আর কেউ ঘটাতে না পারে, তার ব্যবস্থা করতে হবে। রাজনৈতিক কারণে নয়, কোনো কারণেই দেশে আর ধর্ষণের ঘটনা ঘটবে না, এমন একটি দেশ নির্মাণের অঙ্গীকার ঘোষণা করুক নতুন সরকার।

সভায় অ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে বক্তব্য দেন অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, জন উদ্যোগ খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, ওয়ার্কার্স পার্টির নেতা মফিদুল ইসলাম, বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, মো. আসাদুজ্জামান, শাহিন জামান পণ, সিপিবি নেতা মিজানুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা সুবর্ণচরের গণধর্ষণ মামলার চার্জশিট ১৫ দিনের মধ্যে দাখিল, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার ও অপরাধীদের এক মাসের মধ্যে শাস্তি প্রদান এবং সাতক্ষীরার আশাশুনিতে শিশু ধর্ষণকারীরও দ্রুত বিচারের দাবি জানান।