গণপিটুনিতে আ.লীগ নেতার মৃত্যু পরিবারের হত্যা মামলা

চট্টগ্রামের পাহাড়তলী বাজারে গণপিটুনিতে আওয়ামী লীগের সাবেক নেতা মহিউদ্দিন সোহেলের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন সোহেলের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির।

মামলায় প্রধান আসামি করা হয়েছে স্থানীয় কাউন্সিলর পাহাড়তলি রেলওয়ে বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সাবের আহম্মেদ এবং জাতীয় পার্টির নেতা ব্যবসায়ী সমিতির সদস্য ওসমান খানকে। আসামি হিসেবে আরও ২৭ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়। এ ছাড়া ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মহিউদ্দিন সোহেলের ছোট ভাই এ মামলা করেছেন বলে জানান চট্টগ্রামের ডবলমুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহত সোহেলের পরিবার দাবি করে, এলাকার মাদক ব্যবসায় বাধা দেওয়ায় পরিকল্পিতভাবে এই হত্যাকান্ডে ঘটানো হয়েছে।

পাহাড়তলী বাজারের মাদক আখড়া ভেঙে দেওয়ায় স্থানীয় কাউন্সিলর সাবের আহম্মেদ ও জাতীয় পার্টির নেতা ওসমান খান সোহেলের ওপর ক্ষিপ্ত ছিলেন বলে তার পরিবারের দাবি। গত সোমবার সকালে নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়।