দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ করা সম্ভব হলে প্রবৃদ্ধি ১২ শতাংশে পৌঁছাবে বলে মন্তব্য করেছেন ড. আবুল বারকাত। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে আমাদের মহান স্বাধীনতা পূর্ণতা লাভ করে’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এ মালেক।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতির সাবেক অধ্যাপক বারকাত বলেন, ‘বঙ্গবন্ধু তার স্বদেশ প্রত্যাবর্তন ভাষণে একতা, ষড়যন্ত্র ও দুর্নীতির বিষয় তুলে ধরেছিলেন। ৪৭ বছর আগেই বঙ্গবন্ধু দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের কথা বলেছিলেন। দুর্নীতি সবাই করে না, কিছু মানুষ করে। তাদের দমন করতে হবে।’
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারে দেশের সামাজিক ও অর্থনীতি বিষয়ে বৈষম্য দূরীকরণের কথা বলা হয়েছে। শহরের মতো গ্রামগুলোকেও ঢেলে সাজানোর কথা বলা হয়েছে।’ আত্মতুষ্টির সময় আসেনি উল্লেখ করে বারকাত বলেন, ‘নিজেদের ব্যর্থতা ও সমস্যা স্বীকার করতে হবে। এটির মাধ্যমে সব সমস্যা সমাধান করা সম্ভব হবে। সরকারকে সে বিষয়ে উদ্যোগ নিতে হবে।’
ঢাবির সাবেক উপাচার্য আ আ স ম আরেফিন সিদ্দিক বলেন, ‘শুধু সরকার চেষ্টা করলেই দেশে দুর্নীতি নির্মূল হবে না। এজন্য সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। তবেই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে।’