যিশুখ্রিস্টের প্রাচীন একটি ভাস্কর্য ছুঁয়ে দেখতে ফিলিপাইনের ম্যানিলার সড়ক ধরে হেঁটেছেন হাজার হাজার মানুষ। গতকাল বুধবার ভোর থেকে ব্ল্যাক নাজারেন নামের এ জমায়েতে শামিল হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিবিসির খবরে জানানো হয়, বার্ষিক এ উৎসবে পুণ্যার্থীরা নাজারাহর যিশুর ভাস্কর্যটিকে ছুঁয়ে দেখার চেষ্টা করেন। এ ভাস্কর্য তৈরি হয়েছিল মেক্সিকোতে। ১৭ শতকে এটি ফিলিপাইনে নেওয়া হয়।
মেক্সিকো থেকে জাহাজে ফিলিপাইনে নেওয়ার পথে আগুন ধরেছিল ভাস্কর্যটিতে। কিন্তু তাতে বড় কোনো ক্ষতি হয়নি। পরবর্তী সময়ে একে ফিলিপাইনের কুইয়াপো জেলার একটি গির্জায় রাখা হয়।
ভাস্কর্যটিকে ফিলিপাইনের অন্যতম পবিত্র বস্তু হিসেবে দেখা হয়। প্রতিবছরের জানুয়ারিতে দেশটির রাজধানীর সাত কিলোমিটার সড়কে জমায়েত হয়। সে সময় পুণ্যার্থীরা খালি পায়ে রাস্তায় হাঁটেন। তাদের বিশ্বাস, ভাস্কর্য ছুঁতে কিংবা তার কাছাকাছি যেতে পারলে আরোগ্য লাভ কিংবা মঙ্গল হয়।