সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের

আমরা সত্যিকারের বিরোধী দল হতে চাই

জাতীয় পার্টি (জাপা) বিরোধী দলে থেকে সরকারের ভালো কাজের প্রশংসা করবে ও দুর্নীতি-কুকর্মের দোষ-ত্রুটি তুলে ধরবে এবং সমাধান না হলে বিরোধী দলের ভূমিকায় সোচ্চার হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও দলের কো-চেয়ারম্যান জিএম কাদের। গতকাল বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, ‘আমরা সত্যিকারের বিরোধী দল হতে চাই। বিরোধী দল মানেই ভাঙচুর, অবরোধ, নৈরাজ্য সৃষ্টি করা নয়। বিরোধী দল জনগণের কল্যাণের পক্ষে কথা বলবে। আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী হব। আমরা উন্নয়ন ও সুশাসনের কথা জাতি ও নতুন প্রজন্মকে জানাব।’ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি আলমগীর সিকদার লোটনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফকরুল আহসান শাহজাদা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।