স্বাস্থ্য অধিদপ্তরের ৪ কর্মকর্তাকে তলব দুদকের

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ চার কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এবং অভিযোগ অনুসন্ধান কর্মকর্তা সামছুল আলম চিঠি পাঠিয়ে তাদের তলব করেন। ওই চার কর্মকর্তাকে আগামী ১৪ জানুয়ারি দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, চার কর্মকর্তা হলেন অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর কাজী জাহাঙ্গীর হোসেন, লাইন ডিরেক্টর (চিকিৎসা, শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি) অধ্যাপক আবদুর রশিদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন এবং সহকারী পরিচালক আনিছুর রহমান। তাদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটোকপি, নিজ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর-অস্থাবর সম্পদের বিবরণ এবং আয়কর নথিসহ হাজির হতে বলা হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা সামছুল আলম বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের এই চার কর্মকর্তা সিন্ডিকেট করে দুর্নীতি এবং বিনা দরপত্রের মাধ্যমে কার্যাদেশ দিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ আছে। তারা বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পত্তিও অর্জন করেছেন। ২০১৮ সালের প্রথম দিকে তাদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।