ফরাসি লিগ কাপ থেকে পিএসজির বিদায়

নেইমারের গোলে প্রথমে এগিয়ে গিয়েও ব্যবধান ধরে রাখতে পারল না পিএসজি। শেষ দিকে স্পটকিক থেকে দুই গোলে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বিদায় করে ফরাশি লিগ কাপের সেমি-ফাইনালে উঠেছে গ্যাঁগো।

প্যারিসে নিজেদের মাঠে ২-১ গোলে হারে প্রতিযোগিতাটির গত পাঁচ আসরের চ্যাম্পিয়ন পিএসজি। চলতি মৌসুমে ঘরোয়া প্রতিযোগিতার কোনো ম্যাচে এই প্রথম হারল টমাস টুখেলের দল।

নিজেদের মাঠে প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি পিএসজি। এই সময়ে গোল পায়নি গ্যাঁগোও।

ম্যাচের ৬৫তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। বেলজিয়ান রাইট-ব্যাক তমা মুনিয়ের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার।

ম্যাচের ৮১তম মিনিটে সতমা ফেরায় গ্যাঁগো। স্পটকিক থেকে গোলটি করেন ফরাসি মিডফিল্ডার ইয়েনি এনজিবাকোতো। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে জয়সূচক গোল পায় অতিথি দল।

মার্কাস তুরামকে ডি-বক্সে বাজেভাবে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সহজ সুযোগটি কাজে লাগিয়ে গ্যাঁগোকে জয়োল্লাসে ভাসান ইতালিয়ান ফরোয়ার্ড তুরাম।