বর্ণাঢ্য আয়োজনে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের এমবিবিএস ২৮ তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নিল দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ। বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর মেডিকেল কলেজের নিজস্ব অডিটোরিয়ামে (গ্যালারি-১) এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন মেডিকেল কলেজগুলোর মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ অন্যতম। দেশীয় শিক্ষার্থী ছাড়াও বিদেশি শিক্ষার্থীরাও লেখাপড়া করছে এই মেডিকেল কলেজে। ইতোমধ্যে সকল ভর্তি কোটাসহ ভর্তির নির্ধারিত আসন পূরণ হয়েছে বলে জানান মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
নবীনদের বরণ অনুষ্ঠানে সন্ধানী এবং মেডিসিন ক্লাব এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ফ্রি ব্লাড গ্রুপিং এবং তথ্য ও সেবা কেন্দ্র প্রদান করতে দেখা যায়।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. কান্তা রায় রিমি'কে প্রধান অতিথি করে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এসময় তিনি বিভিন্ন জায়গা থেকে আগত শিক্ষার্থীর অভিভাবকদের কথাও মনোযোগ দিয়ে শোনেন।
এ বছর ২৮তম ব্যাচে ১৬০জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কলেজের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকদেরও আমন্ত্রণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকেরা আসতে পেরে আনন্দিত হয়েছেন বলেও জানান একাধিক অভিভাবক।
রাজশাহী থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীর মা সাহেলা বেগম দেশ রূপান্তরকে বলেন, সত্যিই অনেক ভালো লাগছে এখানে আসতে পেরে। আমাদের খুব আশা ছিল মেয়েকে মেডিকেলে পড়ানোর। আল্লাহ সেই আশা আমাদের পূরণ করেছেন। এই নবীনবরণ অনুষ্ঠানে আসতে পেরে আরও বেশি আনন্দ লাগছে।
সিরাজগঞ্জ থেকে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থী নুরনবী ইসলাম নবীনবরণ অনুষ্ঠান সম্পর্কে অনুভূতি প্রকাশ করে দেশ রূপান্তরকে বলেন, জীবনে স্বপ্নই ছিল ডাক্তারি পড়ার। আজ সেই স্বপ্ন পূরণের প্রথমদিন। আমি অনেক কষ্ট করে পড়ালেখা করেছি। আশা করি ভবিষ্যতে ভালো কিছু করবো দেশ এবং দেশের মানুষের জন্য।
মেডিকেল কর্তৃপক্ষ জানায়, প্রতিবছর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজে নেপাল, ভুটান, পাকিস্তান, ভারত থেকে বেশ কিছু শিক্ষার্থী এখানে পড়তে আসেন।