যুক্তরাষ্ট্র সীমান্তে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছ মেক্সিকো কর্তৃপক্ষ। উদ্ধারকৃত লাশের ১৭টিই ছিল আগুনে দগ্ধ।
দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তামাউলিপাস অঙ্গরাজ্যের মিগুয়েল অ্যালেমান শহরের মার্কিন সীমান্তবর্তী এলাকায় মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
তাদের পাশেই পড়ে ছিল আগুনে পুড়ে যাওয়া পাঁচটি গাড়ি। এ ছাড়া ঘটনা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
রয়টার্স জানায়, অঙ্গরাজ্যটি মেক্সিকোর অন্যতম সহিংসতাপূর্ণ এলাকা। মাদক চোরাচালান, চাঁদাবাজি ও অবৈধ অভিবাসী পাচার নিয়ে সবসময় উত্তপ্ত থাকে সীমান্তবর্তী এলাকাটি।
সাম্প্রতিক বছরগুলোতে এলাকাটিতে একাধিক গণকবর থেকে শতাধিক মৃতদেহ উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনী অঘোষিত যুদ্ধে এসব প্রাণহানী ঘটে বলে ধারণা করা হয়।