পটুয়াখালীর কলাতলায় নৈশপ্রহরী আব্দুল কাদের শিকদারকে খুনের ঘটনায় ৩জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার বেলা ১১টায় জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন- নুর ইসলাম, বিপ্লব বাড়ৈ ও বারেক সিকদার। এদের মধ্যে বিপ্লব বাড়ৈ ছাড়া বাকি দু’জন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, পটুয়াখালী শহরের কলাতলা বাজারের নৈশপ্রহরী ২০১২ সালের ২৬ জানুয়ারি রাতে পাহারা দেওয়ার সময় ডাকাতি করতে আসা নুর ইসলাম, বিপ্লব বাড়ৈ ও বারেক সিকদারকে দেখে চিৎকার করলে ডাকাতরা তাকে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় ২৭ নভেম্বর পটুয়াখালী সদর থানায় তার ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মালা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে ১৬ সালের ২৬ সেপ্টেম্বর ৪ জানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত ৩০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে উপরোক্ত রায় প্রদান করেন। অভিযুক্ত ইদ্রিস ভূইয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আরিফুল হক টিটু এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহামুদুর রহমান শামিম।